দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, দক্ষ চিকিৎসক এবং জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।’
স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, দেশের দক্ষ চিকিৎসকদের সঙ্গে আধুনিক মেডিকেল প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে হবে।
সেমিনারে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন ডা. জুবাইদা রহমান। এ রোগ মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ‘সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।’
সেমিনারে স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও সবার নাগালের মধ্যে নিয়ে আসার পাশাপাশি আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।