ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ভারতের আয়োজনে বসেছে ব্রিকস সম্মেলন। এর মধ্যেই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাত ধরাধরি করা একটি ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিন নেতার এই উষ্ণ মুহূর্তকে ব্রিকসের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
শনিবার সম্মেলনে তিন নেতাকে পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরাধরি করতে দেখা যায়। তাদের এমন সৌহার্দ্যপূর্ণ ছবি প্রকাশ্যে আসার সময় আন্তর্জাতিক অঙ্গনে নানা ভূরাজনৈতিক উত্তেজনা চলমান। ফলে ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
তিন নেতার এমন উষ্ণ মুহূর্ত অবশ্য এবারই প্রথম নয়। চলতি মাসের শুরুতে বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনেও মোদি, পুতিন ও শি জিনপিংকে একইভাবে ঘনিষ্ঠ পরিবেশে দেখা গিয়েছিল।
বিশেষ করে ভারত-চীন সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে শি-মোদির এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ। প্রায় সাত বছর পর ভারত সফরে এসেছেন শি জিনপিং। এর আগে ২০১৯ সালে মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে তিনি সর্বশেষ ভারত সফর করেছিলেন।
এরপর ২০২০ সালে সীমান্তে ভারত-চীন সংঘাতের পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। তবে ২০২৪ সালের অক্টোবরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর সব ‘সংঘাতপূর্ণ পয়েন্ট’ থেকে সেনা সরানোর বিষয়ে সমঝোতার পর দুই দেশের সম্পর্কে ধীরে ধীরে বরফ গলতে শুরু করে।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্বশেষ ভারত সফর ছিল ২০২৫ সালের ডিসেম্বরে। সে সময় তিনি ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন।
এবার ব্রিকস সম্মেলনে একই মঞ্চে মোদি, পুতিন ও শি জিনপিংয়ের উপস্থিতি এবং তাদের প্রকাশ্য সৌহার্দ্যপূর্ণ আচরণ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে নজর কেড়েছে। বিশেষ করে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় তিন প্রভাবশালী নেতার এমন ঐক্যের বার্তা ব্রিকসের ভূমিকা ও ভবিষ্যৎ অবস্থান নিয়েও নানা আলোচনা তৈরি করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস