যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার একদিন পরই সমুদ্রপথে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে।
ঘটনার পর দক্ষিণ কোরিয়া তাদের সামরিক নজরদারি জোরদার করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য বিনিময় শুরু করেছে দেশটি। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি নিরাপত্তা বৈঠকও ডাকা হয়েছে।
তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য তাৎক্ষণিক বড় কোনো হুমকি তৈরি হয়নি। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার প্রতি ওয়াশিংটনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে বড় ধরনের নৌ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। ওই মহড়াকে শুরু থেকেই তীব্রভাবে বিরোধিতা করে আসছিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীও আগেই সতর্ক করে দিয়েছিলেন, এ ধরনের সামরিক তৎপরতার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।
পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ সামরিক মহড়াকে সম্ভাব্য আগ্রাসনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে আসছে। অতীতেও একই ধরনের মহড়ার সময় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য সংলাপের আলোচনা চলার মধ্যেও পিয়ংইয়ংয়ের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা