
লোহিত সাগরের প্রবেশপথ হিসেবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ এখন ইয়েমেনের হুতি গোষ্ঠীর হাতে বলে দাবি করা হয়েছে। প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মেয়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে নৌপথটির ওপর নিজেদের প্রভাব আরও বিস্তৃত করেছে ইরান-সমর্থিত এই গোষ্ঠী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় এক সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বরাতে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইয়েমেনি কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার সরকারি বাহিনী ওই এলাকা থেকে সরে যাওয়ার পর হুতি যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌযান মেয়ুন দ্বীপে পৌঁছায়। পেরিম নামেও পরিচিত দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থানে রয়েছে এবং এর কারণে জলপথটি দুটি অংশে বিভক্ত হয়েছে। সরকারি বাহিনী সরে যাওয়ার পর দ্বীপটিতে হুতিদের উপস্থিতি জোরালো হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, বাব আল-মান্দেবের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সশস্ত্র হুতিদের অবস্থান নিতে দেখা গেছে। সামরিক যান নিয়ে তাদের টহল দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইয়েমেনের দূত আবদুল্লাহ আল-সাদি হুতিদের সামরিক তৎপরতা নিয়ে সতর্ক করেন। সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের হামলা নিয়ে আয়োজিত ওই বৈঠকে তিনি বলেন, গোষ্ঠীটির ধারাবাহিক সামরিক সম্প্রসারণের কারণে লোহিত সাগরে পরিস্থিতি বদলে যাচ্ছে। একই সঙ্গে কৌশলগত এই নৌপথে জাহাজ চলাচল হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহনে বিকল্প রুট হিসেবে বাব আল-মান্দেবের ওপর নির্ভরতা বাড়ার কথা বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রণালিটির ওপর হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।
এদিকে হুতিদের নিয়ন্ত্রণাধীন মোখা বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতিদের পরিচালিত আল-মাসিরা টেলিভিশন। শুক্রবার সেখানে দুই দফা হামলা হয়েছে বলে সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়।
তবে বাব আল-মান্দেব প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ হুতিদের হাতে যাওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।