
সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের ফাঁকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মোদি-শি বৈঠকে সীমান্ত পরিস্থিতি ও বাণিজ্য ঘাটতি বিশেষ গুরুত্ব পেতে পারে। ২০২০ সালের পূর্ব লাদাখ সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটে। পরে সেনা প্রত্যাহার ও উচ্চপর্যায়ের যোগাযোগ পুনরায় শুরুর মধ্য দিয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
বাণিজ্যে দুই দেশের সম্পর্ক বাড়লেও ভারতের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১৫১ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। একই সময়ে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে হয় ১১২ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ও সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হয়েছে। ফলে শি জিনপিংয়ের আসন্ন সফরকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করার ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।