ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলাকালে পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর প্রায় এক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়। তবে বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ডের মধ্যেই বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।
শনিবার সকাল ৯টায় কাউখালী উপজেলা হলরুমে কেন্দ্রীয় কর্মসূচির সরাসরি সম্প্রচার দেখতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাবেক সদস্যসচিব ভিপি দুলালসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করার প্রায় এক মিনিট পরই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে উপস্থিত দর্শকরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ও দেখতে পারেননি। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ সংযোগ আবার চালু হয়।
স্থানীয়দের দাবি, ওই সময়ে উপজেলা শহরের অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। শুধু অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা ঠিকভাবে শুনতে পারিনি। এটি অত্যন্ত দুঃখজনক। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ সরবরাহ যাতে কোনোভাবেই বন্ধ না হয়, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগেই লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছিল। এরপরও কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পল্লী বিদ্যুৎ কাউখালী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন ইউএনওর কক্ষের লাইনে সমস্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল বলে জানিয়েছেন। তবে এ ব্যাখ্যা নিয়ে উপস্থিত কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন।
পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তদন্তে দায়ীদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।