চোরাচালানবিরোধী অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকালে ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে সার স্থানান্তরের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৭০০ বস্তায় থাকা ৩৫ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।