চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় সূচনা বক্তব্য দেন স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অররশিদসহ সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এ জন্য মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ওষুধ ছিটানো এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্দিষ্ট সময় ও স্থানে ময়লা-আবর্জনা ফেলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
সভায় পৌরসভার বিভিন্ন কার্যক্রম মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় যুক্ত হন।