গাছের ডালেই ওত পেতে ছিল মৃত্যু! ৩৩ হাজার ভোল্টের তারে প্রাণ গেল কৃষকের

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের কাউখালীতে কাঁঠাল গাছের পাতা পাড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিরাজুল ইসলাম ফাইজুল হক

2026-09-10T15:21:37+00:00
2026-09-10T15:21:37+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাছের ডালেই ওত পেতে ছিল মৃত্যু! ৩৩ হাজার ভোল্টের তারে প্রাণ গেল কৃষকের
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ পিএম 
প্রতীকী ছবি
পিরোজপুরের কাউখালীতে কাঁঠাল গাছের পাতা পাড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিরাজুল ইসলাম ফাইজুল হক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিয়ালকাঠী গ্রামের চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইজুল হক শিয়ালকাঠী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, গৃহপালিত ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহ করতে গাছে ওঠেন তিনি। এ সময় অসাবধানতাবশত গাছের সঙ্গে থাকা ৩৩ হাজার ভোল্টের উচ্চচাপের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

দুর্ঘটনার পর কিছুক্ষণ তিনি গাছের সঙ্গে আটকে ছিলেন। পরে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কাউখালী-ভাণ্ডারিয়া-স্বরূপকাঠি সংযোগকারী ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের নিচে ও আশপাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছ নিয়মিত ছাঁটাই করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলেও অভিযোগ করেন তারা।

নিহতের স্ত্রী রুমা বলেন, তার তিনটি সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে এখন সন্তানদের নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। তার অভিযোগ, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গাছগুলো আগেই ছাঁটাই করা হলে তার স্বামীকে এভাবে প্রাণ হারাতে হতো না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান রনি বলেন, কাঁঠাল গাছের ডাল কাটার সময় ফাইজুল হক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রকৃত কারণ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন পল্লি বিদ্যুতের কাউখালী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন। তিনি বলেন, নিয়মিত গাছ কর্তন করা হয়। তবে বিভিন্ন এলাকায় গাছ কাটতে গেলে মালিকরা বাধা দেওয়ায় সব সময় প্রয়োজনীয় গাছ ছাঁটাই করা সম্ভব হয় না।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুঁকিপূর্ণ গাছ কর্তন করে এলাকা নিরাপদ করার জন্য পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেন বলেন, প্রতি তিন মাস অন্তর গাছ কর্তন করা হয়। তবে অনেক জায়গায় গাছ কাটতে গেলে স্থানীয়রা বাধা দেন। ফাইজুল হকের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাহিদ হোসেন শাওন বলেন, ফাইজুল হককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: