
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে চূড়ান্ত নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেবে কমিশন।
ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর এ উপনির্বাচনের আয়োজন করছে ইসি। গত ২২ আগস্ট সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন ২১ আগস্ট থেকেই আসনটি শূন্য হয়েছে বলে জানানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তার সংসদীয় আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।