চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ববিরোধের জেরে মো. হামিম (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোহান উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিম উপজেলার ছদহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগর গ্রামের ফরিদুল আলমের ছেলে। গ্রেপ্তার রোহান একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ কাজীরখীল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হামিম ও রোহানের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। ঘটনার রাতে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে হামিমকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ।
ছুরিকাঘাতে গুরুতর আহত হামিমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের প্রাথমিক তদন্তে কিশোর গ্যাং-সংক্রান্ত বিরোধের জেরে হামিমকে ছুরিকাঘাতের তথ্য পাওয়া গেছে। ঘটনায় অভিযুক্ত রোহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।