ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা, আপনার আসতে হবে না; আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার ভাষায়, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে, আমরা তাকে ধরে আনতে চাই।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। এটি ভারতের ওপর চাপ তৈরির কোনো কৌশল নয়; বরং প্রত্যর্পণের দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি বলেন, শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া এবং বক্তব্য দেওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারের জন্য অস্বস্তিকর। প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টা আরও বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে আস্থার পরিবেশ তৈরি প্রয়োজন। এ ক্ষেত্রে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করে সরকার।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়।