গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বিকেল থেকে পৌর এলাকার বোয়ালিয়া ও উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাতিয়াদহসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
পরে সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথপুর এলাকায় একটি ড্রেজার মেশিন ধ্বংস করতে গেলে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একত্রিত হন। একপর্যায়ে তারা ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও গাছের ডাল ছুড়ে হামলা চালান। এতে রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপদে উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপদে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। পরে বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালাতে গেলে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।