দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান ছিলেন একজন দক্ষ অর্থনীতির ব্যবস্থাপক। তার বিভিন্ন অর্থনৈতিক ও কৃষিভিত্তিক কর্মসূচি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশেষ করে কৃষিনির্ভর মানুষের সংকট মোকাবিলায় তার নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন টাকা লুটপাট ও পাচারের কথা শুনিনি। ব্যাংক লুট করে অর্থ নিয়ে যাওয়ার যে সিন্ডিকেট পরবর্তী সময়ে দেখা গেছে, তার সময়ে এমন পরিস্থিতি ছিল না।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, পরবর্তী সময়ে দেশের অর্থনীতিতে ব্যাপক লুটপাট হয়েছে। তার ভাষায়, লুটপাটের বাজেটের মাধ্যমে গোটা দেশকে অর্থনৈতিকভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে।
বিএনপির শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রিজভী বলেন, বিএনপির আমল সবসময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।
এম সাইফুর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তার সময়ে শেয়ারবাজারে লুটপাট হয়নি। দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সাইফুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান ছিল বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, কৃষি অর্থনীতিকে ভিত্তি করে একটি দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে—এ ধারণাকে বাস্তবায়নে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশে সামাজিক সুরক্ষার ধারণা প্রবর্তনের ক্ষেত্রেও তার অবদান রয়েছে বলে দাবি করেন তিনি।
আলোচনা সভায় রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে।