কৃষকের আবাদি জমিতে ঝিনাইদহ পৌরসভার ময়লার ভাগাড় তৈরির উদ্যোগের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার বৈডাঙ্গা এলাকায় গাছের ডাল ফেলে সড়ক অবরোধ করেন তারা। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
স্থানীয় কৃষকরা জানান, ঝিনাইদহ শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা মাঠে দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা ফেলার জন্য জায়গা প্রস্তুতের কাজ চলছিল। কৃষিজমিতে ময়লার ভাগাড় তৈরি করা হলে পরিবেশ দূষণের পাশাপাশি ফসল উৎপাদন ও কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি জানার পর তারা একাধিকবার সেখানে ময়লা ফেলার জায়গা তৈরির কাজে বাধা দিয়েছেন। কিন্তু তাদের আপত্তি উপেক্ষা করেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। একপর্যায়ে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা।
অবরোধের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পৌরসভার ময়লা ফেলার জন্য মোয়াজ্জেম হোসেন বৈডাঙ্গা মাঠে জায়গা প্রস্তুত করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষক ও বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তিনি জানান, পরে মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথা বলা হলে তিনি ওই স্থানে আর ময়লা ফেলা হবে না বলে আশ্বস্ত করেন। এরপর পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কৃষক ও এলাকাবাসীকে বিষয়টি বোঝানো হলে তারা অবরোধ তুলে নেন।
অবরোধ তুলে নেওয়ার পর ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।