সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা—টলিউড-বাংলাদেশের আলোচিত এই দম্পতিকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন নতুন করে সামনে এসেছে। তবে এবার সরাসরি বিচ্ছেদের কথা না বললেও নিজের জীবনে ‘স্থায়ী সঙ্গী’র অভাবের কথা জানিয়েছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।
সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হয়ে নিজের ব্যক্তিজীবন, সাবেক সম্পর্ক ও বর্তমান একাকিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একটি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন।
তার এই বক্তব্যের পরই সৃজিত-মিথিলার দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় তাদের সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। যদিও এদিন সরাসরি মিথিলার নাম নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতা।
সৃজিত ও মিথিলার বিয়ের পর কেটে গেছে প্রায় ছয় বছর। তবে তাদের দীর্ঘদিন একসঙ্গে সংসার করার সুযোগও খুব বেশি হয়নি। এর মধ্যেই সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্যটি ভক্তদের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—তবে কি তাদের সম্পর্কের সমীকরণ বদলে গেছে?
সাবেকদের সঙ্গে এখনও যোগাযোগ
সাক্ষাৎকারে সৃজিত তার সাবেকদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা জানান। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
এ সময় সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও ওঠে। তার সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করে সৃজিত বলেন, সব সম্পর্কের লেবেল হয় না।
সুস্মিতার সঙ্গে সম্পর্কের ব্যাখ্যায় তিনি জানান, একসময় তারা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা কমে গেছে। এখন তারা আগের মতো কাছের না হলেও একে অপরের শুভাকাঙ্ক্ষী।
জীবনের সম্পর্কগুলোকে যাত্রাপথের সঙ্গে তুলনা করে সৃজিত বলেন, “জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়।” সুস্মিতার ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সৃজিতের এই খোলামেলা বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ফের আলোচনায় এসেছে তার ও মিথিলার সম্পর্ক। তবে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে—এমন কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।