চট্টগ্রামের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় হামলাকারীদের ছোড়া ইট-পাটকেল ও পাথরের আঘাতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশী থানার ওয়ারলেস-আমবাগান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে জায়গা দখল, মারামারিসহ বিভিন্ন অভিযোগে খুলশী থানায় একাধিক মামলা রয়েছে। তিনি নিজেকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। এলাকায় তার বিভিন্ন ধরনের পোস্টারও দেখা যায়।
খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, সম্প্রতি পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় বগা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য ভোরে ওয়ারলেস কলোনিতে তার বাসায় অভিযান চালায় পুলিশ।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বগার অনুসারীরা সড়কে ব্যারিকেড দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। পাথরের আঘাতে তিনিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে অভিযানের খবর পেয়ে বগা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে দাবি পুলিশের। পরে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
পুলিশের এই অভিযানের পেছনে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগও রয়েছে।
কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অধ্যক্ষের সঙ্গে কয়েকজন শিক্ষকের বিরোধ চলছিল বলে জানা যায়। এর মধ্যে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশের পর প্রভাষক মিজানুর রহমানকে বাসা থেকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
মিজানুর রহমানের অভিযোগ, গত ২৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে কলেজ অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদনে তিনি বক্তব্য দিয়েছিলেন।
তার ভাষ্য, সংবাদ প্রকাশের দিন বিকেলে কয়েকজন যুবক তাকে বাসা থেকে তুলে নিয়ে বগার কাছে নিয়ে যায়। সেখানে বগা ভিডিও কলে কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং কল চালু রেখেই তাকে লোহার রড দিয়ে মারধর করেন। একই সঙ্গে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিতে চাপ দেওয়া হয়।
একপর্যায়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মিজানুর রহমান।
এ ঘটনায় তিনি পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, ওয়াকিল হোসেন ওরফে বগাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ওয়াকিল হোসেন ওরফে বগাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।