নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও আরেক ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত শাকিল পেশায় রাজমিস্ত্রির শ্রমিক।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষ থেকে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। এ সময় তারা দেখতে পান, শাকিল তার বাবাকে পেটে ছুরিকাঘাত করছেন।
বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে শাকিল তার মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় আব্দুল বাছেদকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, বাবা-ছেলের মধ্যে কোনো বিরোধ ছিল কি না এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত শাকিলকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।