একটি শিশু হারিয়ে যাওয়ার পর একটি পরিবারের অপেক্ষা যেন থামতেই চায় না। আর সেই অপেক্ষার পরিসরই এবার সামনে এনেছে উদ্বেগজনক এক চিত্র। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই—মাত্র সাত মাসে দেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশু উদ্ধার হয়ে পরিবারের কাছে ফিরেছে। তবে এখনো খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ শিশুর।
সবচেয়ে বড় প্রশ্ন—কেন হারিয়ে যাচ্ছে এত শিশু? পুলিশের তথ্য বলছে, ছোটদের ক্ষেত্রে পথ হারানোসহ নানা কারণ থাকলেও ১০ থেকে ১৭ বছর বয়সীদের নিখোঁজ হওয়ার পেছনে রয়েছে অভিমান, পারিবারিক কলহ, পড়াশোনার চাপ, বন্ধুদের প্রভাব ও স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষার মতো কারণ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সাত মাসে শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশু নিখোঁজের জিডি হয়েছে। তাদের মধ্যে ৪০৬ জন উদ্ধার হলেও ৬৮ জন এখনো নিখোঁজ।
অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ।
পুলিশ বলছে, ছোট শিশুদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়ে পথ হারানো, নিজের নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার মতো কারণে নিখোঁজের ঘটনা ঘটে।
১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে অভিমান, পড়াশোনার চাপ, পারিবারিক কলহ, বন্ধু বা সহপাঠীদের প্রভাব, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং বিভিন্ন সমস্যার কারণে বাড়ি ছেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, অনলাইনে জিডি করার সুবিধা চালু হওয়ায় নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা আগের তুলনায় বেড়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শিশু নিখোঁজের জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে তা কমে ১৬ হাজার ৪১৪ হলেও ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৫৫০টিতে।