বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ৭ মার্চ ভোরে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, কারাবন্দি অবস্থায় তারেক রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরে এসব মামলায় জামিন পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যে যান।
দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন।
এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। দলটির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
তার কারামুক্তির দিনটি প্রতিবছর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করে থাকেন। এবারও দিবসটি উপলক্ষে দলীয়ভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।