দিনাজপুরের চিরিরবন্দরে ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়া এবং অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাণীরবন্দর নশরতপুর বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মনোয়ার ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর এলাকার নশরতপুর বালাপাড়ায় একটি চেম্বার পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোয়ার ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। পাশাপাশি ডি.এ.এম.এস (চট্টগ্রাম) ডা. রবিউল ইসলামের নাম ও প্যাড ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগ ওঠে।
ডা. রবিউল ইসলাম জানান, তার নাম ও প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়া হলেও এ বিষয়ে তিনি কাউকে কোনো অনুমতি দেননি।
এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, মনোয়ার ইসলাম বিভিন্ন কোম্পানির হারবাল (আয়ুর্বেদিক) ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি করতেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।