চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে মো. হেলাল প্রকাশ বেলাল (৩০) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া মো. ইদ্রিস (৩০), মো. মাসুদ (২৬) ও মো. আবদুর রহিম (৪২) নামে আরও তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
রায়ের মধ্যে মো. হেলাল প্রকাশ বেলাল ও মো. ইদ্রিসকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর দুইজন মো. মাসুদ ও মো. আবদুর রহিমকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চারজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
অভিযানের বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।