আমলাতন্ত্র ও ব্যবসা খাতের প্রভাবশালী ব্যক্তিদের তুষ্ট করতে সরকার নীতি গ্রহণ করছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। মাহফুজ আলমের দাবি, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং বেসরকারি খাতে কর্মরত মানুষের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য সরকারের কোনো সুস্পষ্ট অর্থনৈতিক রূপরেখা নেই।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, চা-শ্রমিকেরা তাঁদের ন্যায্য দাবিতে আন্দোলন করলেও তাঁদের মিছিলে হামলা হচ্ছে। অন্যদিকে, তুলনামূলকভাবে বড় দাবি নিয়ে যারা এগিয়ে আসছেন, তাদের তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নিরাপত্তাজনিত সমস্যা সমাধান না করে বড় কর্তাদের সন্তুষ্ট করার নীতি কোনো সুফল বয়ে আনবে না।
মাহফুজ আলমের ভাষ্য, এ ধরনের নীতি সমাজে সম্পদের বৈষম্য আরও বাড়াতে পারে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত জনগণের প্রয়োজন ও প্রত্যাশা পূরণ করা, নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করা নয়।
পোস্টে তিনি অর্থনৈতিক ব্যবস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের ওপরও জোর দেন। তাঁর মতে, বৈষম্য কমাতে কার্যকর নীতি গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন। বৈষম্য কমানো গেলে অর্থনৈতিক উন্নয়ন আরও বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ হয় বলেও মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী, সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর বিষয়কে অগ্রাধিকার না দিয়ে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নীতি দীর্ঘমেয়াদে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।