ভালো কাজে পাশে, জনস্বার্থবিরোধী কাজে রাজপথে: জামায়াত

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদ ও রাজপথে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে দলের প্রতিবাদ

2026-09-02T19:35:47+00:00
2026-09-02T19:35:47+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ভালো কাজে পাশে, জনস্বার্থবিরোধী কাজে রাজপথে: জামায়াত
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম 
টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সম্পর্কে জামায়াত আমিরের বাসভবনের ফটকে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদ ও রাজপথে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে দলের প্রতিবাদ ও কর্মসূচি হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল—এমন অবস্থানের কথা জানিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন শফিকুর রহমান। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, দেশের বর্তমান জনদুর্ভোগ, রাজনৈতিক সংকট এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও দলীয়করণসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে এসেছে। পাশাপাশি জনমত তৈরি, জাতীয় সচেতনতা ও ঐক্য গঠনের ক্ষেত্রে ইলেকট্রনিক গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করেন জামায়াতের আমির।

গোলাম পরওয়ার জানান, গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে দলের কোনো ত্রুটি বা দুর্বলতা থাকলে তা খোলামেলাভাবে জানাতে অনুরোধ করা হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকেও গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও পেশাগত প্রতিবন্ধকতা তুলে ধরা হয়।

টেলিভিশন গণমাধ্যমে বেতনকাঠামো, ওয়েজ বোর্ড ও কাঠামোগত বিভিন্ন সুবিধার ঘাটতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়েও আলোচনা হয় বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

গোলাম পরওয়ার বলেন, বৈঠকে বর্তমান সংসদে জামায়াতের ভূমিকা অতীতের তুলনায় গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক বলে কয়েকজন গণমাধ্যম নির্বাহী মন্তব্য করেছেন।

জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক কর্মসূচি রাজনীতির স্বাভাবিক অংশ। সরকার ভালো কাজ করলে দল সহযোগিতা করবে, আর জনস্বার্থবিরোধী কাজ হলে সংসদের ভেতরে ও বাইরে তার বিরোধিতা করা হবে। তবে সেই প্রতিবাদ হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল।

বৈঠকে গণমাধ্যম সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। টেলিভিশন সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বা বেতনকাঠামো চালুর প্রয়োজনীয়তার বিষয়টি জামায়াতের আমিরের কাছে তুলে ধরেন গণমাধ্যম নির্বাহীরা।

বেসরকারি সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের আহমেদ বাবু বলেন, টেলিভিশন খাতের কাঠামোগত ও আর্থিক বিভিন্ন সমস্যা নিয়ে তারা আলোচনা করেছেন। এসব বিষয়ে বিরোধী দলকে সংসদে ও সংসদের বাইরে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, দেশের টেলিভিশন খাত কাঠামোগতভাবে দুর্বল। গণমাধ্যমকে শক্তিশালী করতে সংসদে কথা বলা এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সরকারের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চ্যানেল ২৪-এর হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম বলেন, গণমাধ্যমের পক্ষ থেকে বিরোধী দলের বক্তব্য ও রাজনৈতিক পরিকল্পনা আরও স্পষ্ট ও কাঠামোবদ্ধভাবে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণের সমস্যা সমাধানে সরকারের সঙ্গে কাজ করার বিষয়েও মত দেওয়া হয়।

এর আগে গত ২৪ আগস্ট দেশের সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: