সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ সরকার এখন পর্যন্ত নেয়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
গ্যাস সংকট প্রসঙ্গে রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সরবরাহে সমস্যা হয়েছিল। ত্রুটি এখন অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। তার দাবি, গ্যাস পুনর্ভরণ শেষে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, গ্যাসের সংকটের কারণে মানুষের রান্নাঘরে চুলা জ্বলছে না। তবে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মিল-কারখানার জন্য প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থা করা হবে।
রিজভীর দাবি, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত এলএনজি ও জ্বালানি কেনার জন্য সরকার বাজেটের বাইরে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তার ভাষায়, সরকার বসে নেই।
জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, বর্তমান পরিস্থিতি সরকারের কোনো ত্রুটির কারণে তৈরি হয়নি; এটি একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে বলে দাবি করেন তিনি।
সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ পূর্বাঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে সরকার উদ্যোগী ভূমিকা নিচ্ছে বলেও জানান রিজভী।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, বিরোধী দল তাদের কর্মসূচি পালন করবে এবং কথা বলবে। সরকারও তার দায়িত্ব পালন করছে। বর্তমান সময়কে তিনি ‘গণতান্ত্রিক আমল’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি শেখ হাসিনার আমল নয়।
তিনি বলেন, বিরোধী দল যদি গঠনমূলক ভূমিকা পালন করে, তাহলে তাদের বক্তব্য ও সমালোচনা সামনে আসবে। তবে সরকারকে বিপাকে ফেলা বা রাজনৈতিক সুযোগ নেওয়ার উদ্দেশ্য থাকলে বিষয়টি ভিন্ন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ জরুরি।
তার দাবি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনে তৈরি হওয়া ঝুঁকি উপলব্ধি করেছেন। দলের ৩১ দফা, নির্বাচনী ইশতেহার এবং খালেদা জিয়ার ভিশন-২০৩০-এ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় নিয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।
রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। শিশুদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে ‘একজন শিশু একটি বৃক্ষ’ কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
তার দাবি, ছয় মাসে আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা থাকলেও এরই মধ্যে তিন কোটি বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণের পাশাপাশি জলাভূমি পুনঃখনন এবং নদী-নালা ও খাল-বিল দূষণমুক্ত করার ওপরও গুরুত্ব দেন রিজভী।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।