অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগগুলো খতিয়ে দেখতে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি এবং পছন্দের ব্যক্তিদের সুবিধাজনক স্থানে পদায়নের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য একজন উপপরিচালকের নেতৃত্বে চার সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মাসুম আহমেদ।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম এবং পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পোস্টিং বা পদায়নের অভিযোগ খতিয়ে দেখা হবে।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও নতুন পদায়নের মাধ্যমে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।
এ ছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে প্রায় দেড় কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পছন্দের জায়গায় পদায়নের ক্ষেত্রেও প্রায় দুই কোটি টাকার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে দুদক।
তবে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।