রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ীগামী হানিফ ফ্লাইওভারের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরনে ছিল সাদা রঙের চেক ফুলহাতা ছেঁড়া শার্ট ও ছাই রঙের প্যান্ট। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই মো. সাইদুজ্জামান জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিও শনাক্তের চেষ্টা করছে পুলিশ।