ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তিনটি দ্বিতল স্টাফ বাস।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
স্টাফ বাস সার্ভিস ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র স্টাফ নার্স মর্জিনা আক্তার জানান, প্রতিটি দ্বিতল বাসে একসঙ্গে ৭৫ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রাথমিকভাবে দুটি রুটে এসব বাস চলাচল করবে।
প্রথম রুটটি ঢাকা মেডিক্যাল থেকে চট্টগ্রামমুখী এলাকা এবং দ্বিতীয়টি ঢাকা মেডিক্যাল থেকে রামপুরা, বাড্ডা হয়ে কুড়িল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সকালে বাসগুলো চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে নিয়ে আসবে। দুপুরে তাদের নির্ধারিত রুটে পৌঁছে দেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দুটি রুটে বাস চললেও চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট দুটিই বাড়ানো হবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এতদিন হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী গণপরিবহন ও অটোরিকশায় করে কর্মস্থলে আসতেন। যানজটসহ নানা কারণে অনেক সময় তারা নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছাতে পারতেন না। এর প্রভাব রোগীদের চিকিৎসাসেবাতেও পড়ত।
তিনি বলেন, চিকিৎসাসেবার সঙ্গে যুক্তদের সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিশ্চিত করতেই এই স্টাফ বাস সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে কর্মীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি হাসপাতালে সেবার মানও আরও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এই পরিবহনসেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান হাসপাতাল পরিচালক।