রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে উত্তোলন করা ৩৯ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম তানভীর আবেদীন জুয়েল (৪১)। তবে আটক অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ছিনতাইকারীদের পিছু নেন। ধাওয়া খেয়ে পালানোর সময় একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে ধানমন্ডি থানাকে দ্রুত ব্যবস্থা নিতে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে।
পুলিশ জানায়, আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানার একাধিক টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা যৌথভাবে অভিযান চালান। অভিযানে ছিনতাইকারী চক্রটির সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করা হয়।
ছিনতাইয়ের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।