যারা নাগরিক ও মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা সব আমলেই নির্যাতিত হন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, যাদের মধ্যে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা জনগণকে চিরস্থায়ীভাবে দমন করতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটির অধিকাংশ গণমাধ্যম এখন শাসকের অনুগত হয়ে কাজ করছে। প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত উদার। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক, সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমেদ বাবু, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম।
আলোচনা সভায় সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদের পক্ষ থেকে পিআইবি মিলনায়তন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কটি সাংবাদিক আব্দুস সালামের নামে নামকরণের দাবি জানানো হয়।
পিআইবি ও সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে নাট্যনির্দেশক নুর হোসেন রানার পরিচালনায় কিংবদন্তি সাংবাদিক আব্দুস সালামের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়।