বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি বিলে ধানক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)।
নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় জানান, সকালে তার দুই কাকা ধানক্ষেতে কাজ করতে যান। সকাল থেকেই ওই এলাকায় আকাশ মেঘলা ও আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। অপর ভাই মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।