হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
রাষ্ট্রদূতের এ বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে জ্বালানি পরিবহন নিয়ে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা কমার সুযোগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জ্বালানিবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে বৈঠকে জানানো হয়।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও মতবিনিময় হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে চলমান উত্তেজনা দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান তিনি।
মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণে আপত্তি নেই
বৈঠকে আলোচনায় আসে মক্কা প্যাক্টের বিষয়টিও। ইরানের রাষ্ট্রদূত জানান, তেহরান এই উদ্যোগকে ইরানের বিরুদ্ধে কোনো জোট হিসেবে বিবেচনা করছে না।
তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে মক্কা প্যাক্টে ইরানের যুক্ত হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে বাংলাদেশ এই উদ্যোগে যুক্ত হলে ইরানের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি।
বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।