দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সম্ভাব্য বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজন হলে আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় সম্ভাব্য সব বিকল্প উৎস খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিদেশের বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে।
আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান শামা ওবায়েদ। তার ভাষ্য, দেশের অর্থনীতিকে বর্তমান দুর্বল অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিতে সময় প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকিং খাতে স্বচ্ছতা বাড়ানো এবং বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার কাজ চলছে।
দেশে বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে অবৈধ অভিবাসন বন্ধে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকটের পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের আসন্ন সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে একটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর চাপ সৃষ্টি করা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান কঠিন।