রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

2026-09-01T18:21:11+00:00
2026-09-01T18:21:11+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ পিএম 
সংগৃহীত ছবি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাহিনীর চলমান উন্নয়ন ও আধুনিকায়ন উদ্যোগ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের প্রশংসা করেন।

দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। জাতীয় ও জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণে আনসার-ভিডিপির ভূমিকা আরও বিস্তৃত ও কার্যকর করতে বাহিনীর আধুনিকায়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন।

রাষ্ট্রপতি আনসার বাহিনীর সংস্কার এবং আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন।

বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আনসার-ভিডিপির অর্জন এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। বাহিনীর সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে সুবিধাজনক সময়ে আনসার একাডেমি পরিদর্শনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির দিকনির্দেশনা অনুসরণ করে বাহিনীর কার্যক্রমকে আরও জনমুখী, আধুনিক, দক্ষ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: