
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরাদ হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার বিষপাড়া গ্রামের বাসিন্দা। দিনাজপুরের আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আরএসি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার পর অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সিসিলি থেকে তাঁর ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা রয়েছে।
চাকরির চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে অনলাইনে মুরাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ জন্য গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে সাক্ষাৎকার দেওয়ার ব্যবস্থা করে বাহিনী। এ কার্যক্রমে সহযোগিতা করেন সফিপুর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এবং বাহিনীর সদর দপ্তরের প্রকল্প প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক।
এর আগে চলতি বছরের জুলাইয়ে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহযোগিতায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি পান মুরাদ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও চাকরির অফার পেয়েছিলেন তিনি। তবে পারিবারিক সমস্যার কারণে তখন সেখানে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিং, মেসন, ড্রাইভিং এবং অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ। পাশাপাশি সাংস্কৃতিক অভিযোজন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা বাড়াতে ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ কেন্দ্রের বাসও যুক্ত করা হয়েছে। প্রশিক্ষণকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং প্রশিক্ষণ-পরবর্তী সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরাদ হোসেনের এই অর্জন কর্মসংস্থানমুখী কারিগরি প্রশিক্ষণের একটি উদাহরণ। এ ধরনের উদ্যোগ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।