বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

ভোরের ডাক রিপোর্ট

বিবিধ

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, পুনর্বাসন ও স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার

2026-10-11T13:46:20+00:00
2026-10-11T13:46:20+00:00
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিবিধ
বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ভোরের ডাক রিপোর্ট
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম 
সংগৃহীত ছবি

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, পুনর্বাসন ও স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় অবস্থিত বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কারের চেক বিতরণ করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আয়োজিত এ লটারির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের লটারিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৪৮টি পুরস্কার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবা সুরক্ষাবিষয়ক নিয়ন্ত্রক কমিটির সদস্য এবং বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল।

বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের (এসএসপি) সভাপতি মো. গোলাম ফারুক মজনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিকেএস জাতীয় লটারির সদস্যসচিব ও প্রকল্প পরিচালক হাজী মো. আলম কবির। এ ছাড়া বিপিকেএসের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সুরক্ষা ও স্বনির্ভরতা অর্জনে দীর্ঘদিন ধরে কাজ করছে বিপিকেএস। এসব কার্যক্রম সম্প্রসারণ এবং কল্যাণমূলক কর্মসূচির জন্য আর্থিক সংস্থান তৈরির লক্ষ্যে জাতীয় লটারি-২০২৬ আয়োজন করা হয়। গত ৩০ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত লটারির কার্যক্রম পরিচালিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

বিপিকেএসের দেওয়া তথ্য অনুযায়ী, লটারির প্রথম পুরস্কার হিসেবে উৎসে কর কর্তনের পর ২৪ লাখ টাকার চেক পেয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুরের হানিফ মিয়া। তৃতীয় পুরস্কার হিসেবে সাতক্ষীরার দেবহাটার মাধব মণ্ডলকে ৪০ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপের কাসেম আইয়ুবকে ২০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। পঞ্চম পুরস্কার হিসেবে দিনাজপুরের বীরগঞ্জের মোছা. রোজিনা খাতুনকে ১৬ হাজার টাকার চেক দেওয়ার তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পুরস্কারের দাবিদারদের পুরস্কার ইতোমধ্যে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী পুরস্কারের অর্থ থেকে নির্ধারিত ২০ শতাংশ উৎসে কর কর্তনের পর অবশিষ্ট অর্থ চেকের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুস সাত্তার দুলাল প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিপিকেএসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটির কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি তাঁদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, বৈষম্য দূরীকরণ এবং সমাজের মূলধারায় সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, পুনর্বাসন ও আত্মনির্ভরশীলতা অর্জনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ জরুরি।

অনুষ্ঠান শেষে জাতীয় লটারি-২০২৬ আয়োজন ও পুরস্কার বিতরণ কার্যক্রম সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, অংশগ্রহণকারী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিপিকেএস। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, মানবিক মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: