বগুড়ায় চোর সন্দেহে শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে ধরে নিয়ে রাতভর নির্যাতনের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
নিহত শামীম হোসেন নামুজা ইউনিয়নের চৌমহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, সোমবার নিকটাত্মীয়ের দাফন কাজে অংশ নিতে শামীম বারপুর এলাকায় যান। রাতে সেখানে হাঁটাহাঁটির সময় কয়েকজন তাকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে যায়। পরে একটি স্থানে আটকে রেখে রাতভর মারধর করা হয়।
স্বজনদের দাবি, নির্যাতনের একপর্যায়ে শামীমের পায়ের রগ কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয়। পরে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। নিহতের স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও এতে অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, কয়েকজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে শামীমের মৃত্যুর ঘটনায় প্রথমদিকে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠলেও পুলিশ বলছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পায়ের রগ কাটার বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য পায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পায়ের রগ কাটা হয়নি; মারধরের কারণে পায়ে ক্ষত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।