ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে এক হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। একই সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা নিহত এবং কয়েক হাজার আহত হওয়ার দাবিও করেছেন তিনি।
ডেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন শেকারচি। তবে তার বক্তব্যের পক্ষে তিনি বিস্তারিত কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ইরানি এই সামরিক মুখপাত্র দাবি করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতার দুর্বলতা প্রকাশ পেয়েছে। তার ভাষ্য, সংঘাতের মধ্য দিয়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন মিত্ররাও ওয়াশিংটনের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে শেকারচি বলেন, বিভিন্ন প্রমাণ ও আলামতের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে শতাধিক মার্কিন সামরিক সদস্য নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। একইভাবে ইসরায়েলের এক হাজারের বেশি সেনা নিহত এবং কয়েক হাজার আহত হওয়ার দাবি করেন তিনি।
ইরানের এই মুখপাত্র আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রকৃত সামরিক হতাহতের সংখ্যা গোপন করছে। অতীতের আফগানিস্তান ও ইরাক যুদ্ধের উদাহরণ টেনে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক হতাহতের অনেক তথ্য দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে।
হরমুজ প্রণালি নিয়ে সতর্কবার্তা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন শেকারচি। তিনি বলেন, হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করার যেকোনো প্রচেষ্টা ইরান মেনে নেবে না।
তার দাবি, পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনী সরিয়ে দিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে তেহরানের অবস্থানও স্পষ্ট করেন তিনি।
প্রতিশোধ নেওয়ার হুমকি
সংঘাতে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে নিহত শিক্ষার্থী এবং লার শহরের নিহত ব্যক্তিসহ অন্যান্য নিহত ইরানির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকিও দেন শেকারচি।
তিনি বলেন, প্রতিশোধ নিতে কিছুটা সময় কম-বেশি হতে পারে, তবে তা নেওয়া হবে।
তবে ইরানি সামরিক মুখপাত্রের এসব হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি