ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি শ্মশানের পাশে রেখে কথিত ‘কালো জাদু’র আচার পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশের পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড-এর প্রতিবেদনের বরাতে জানা গেছে, উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে মোদির ছবি রাখা অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়। ছবিটির চারপাশে নারকেল, লেবু ও কমলা রঙের গুঁড়াসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত সামগ্রী দেখা যায়।
শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ ঘটনার কথা নিশ্চিত করেন। ভিডিওটি পুলিশের নজরে আসার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ভিডিওটির উৎস শনাক্ত করতে সাইবার সেলের সহায়তা নেওয়া হয়েছে।
ঘোষী এলাকার সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজও চলছে।
তবে কে বা কারা সেখানে প্রধানমন্ত্রীর ছবি ও আচারসামগ্রী রেখেছিল, এর পেছনে কী উদ্দেশ্য ছিল এবং ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
সূত্র: ডেকান হেরাল্ড