গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেপ্তার ও এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম রাস্তার মোড় এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ চলাকালে স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি সিয়াম প্রধান এবং সাংবাদিক ও জামায়াত নেতা আব্দুল মতিন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে এলাকায় কয়েকজন মাদক কারবারি তাদের কার্যক্রম চালিয়ে আসছেন। একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, মাদক কারবারিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় মাদক ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধে নামেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন।
পরে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।