মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, উন্নয়নে সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মাদক ব্যবসায়ী,

2026-08-31T15:34:26+00:00
2026-08-31T15:34:26+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, উন্নয়নে সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
মানিকগঞ্জ সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা মাদককে আশ্রয়-প্রশ্রয়দাতা—কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মাদক নির্মূলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িতদের পাশাপাশি যারা মাদককে আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। কেউ জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক কর্মকাণ্ডে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি জেলার উন্নয়ন শুধু রাস্তা, সেতু বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান—সবকিছুর সমন্বয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

মানিকগঞ্জের স্বাস্থ্য খাত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলার মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবলের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিতে হবে।

প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সঙ্গে ভালো আচরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতাও জরুরি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। জেলার উন্নয়নমূলক উদ্যোগগুলো আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত খাদ্য মজুত, নিরাপদ খাদ্য সরবরাহ এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করা প্রয়োজন।

মানিকগঞ্জের কৃষি ও খাদ্য উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের কর্মকর্তারা এবং জেলা বিএনপির সিনিয়র নেতারাও সভায় উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: