প্রিয় তারকা লিওনেল মেসিকে একনজর দেখতে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভিড় করেছিলেন হাজারো দর্শক। কিন্তু বহুল প্রতীক্ষিত সেই আয়োজন শেষ পর্যন্ত আনন্দের বদলে পরিণত হয় চরম বিশৃঙ্খলায়। অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিক্ষোভের পাশাপাশি স্টেডিয়ামে ভাঙচুরও চালান ক্ষুব্ধ দর্শকদের একাংশ।
ঘটনার কয়েক মাস পর এবার সেই দর্শকদের জন্য এলো স্বস্তির খবর। মেসির ওই অনুষ্ঠানের টিকিট কেনা প্রায় ৩৩ হাজার দর্শককে অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।
২০২৫ সালের ডিসেম্বরে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত লিওনেল মেসির অনুষ্ঠানের টিকিটধারীদের অর্থ ফেরতের আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে তিনি জানান, টিকিটের জন্য দর্শকদের কাছ থেকে নেওয়া ৪ হাজার ও ৬ হাজার রুপি করে ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত দর্শকরা যাতে তাদের অর্থ ফেরত পান, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় অবস্থানকালে যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মেসি। প্রিয় ফুটবল তারকাকে দেখতে বিপুলসংখ্যক দর্শক সেখানে উপস্থিত হন।
তবে অনুষ্ঠান শুরু হওয়ার পরই আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে টিকিটের অর্থ ফেরতের দাবিও জোরালো হয়।
এবার সেই দাবির পরিপ্রেক্ষিতেই প্রায় ৩৩ হাজার দর্শককে টিকিটের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।