আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির অধ্যায়ের ইতি ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
সোমবার (৩১ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন খোলাচিঠিতে জাতীয় দলকে বিদায় জানান মেসি। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিদায়বার্তায় মেসি বলেন, জাতীয় দলের হয়ে খেলতে তিনি সবসময় ভালোবেসেছেন এবং দেশের জার্সির জন্য নিজের সর্বস্ব দিয়ে লড়েছেন। তবে এখন তাঁর মনে হচ্ছে, জাতীয় দলের অধ্যায় শেষ করার সময় এসেছে।
মেসি আরও জানান, আর্জেন্টিনার দলে এখন অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছেন, যাদের জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা রয়েছে। তাই এবার তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় দলের হয়ে গত দুই দশকের যাত্রার কথা স্মরণ করে মেসি বলেন, সমর্থকদের ভালোবাসা ও কণ্ঠস্বর তিনি মাঠ থেকে ভীষণভাবে মিস করবেন। তবে অবসরের পরও আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের ফাইনালই ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। নিউজার্সিতে অনুষ্ঠিত ওই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।
এর আগে ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই সঙ্গে মেসির দীর্ঘদিনের বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ হয়।
এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পরও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে অবশ্য সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফেরেন। এবার ৩৯ বছর বয়সে নেওয়া সিদ্ধান্তটি আর বদলানোর সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।