৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬-এর পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আর মহিলা সিনিয়র বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিভাগে রানার্স আপ হয়েছে বিজিবি।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় রাজধানীর পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ২৮ থেকে ৩০ আগস্ট তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিন দিনের এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং ১৯টি জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ২২টি দল অংশ নেয়। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪৫০ জন পুরুষ ও নারী তায়কোয়ানডো খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি—দুই দলই চারটি করে স্বর্ণ ও চারটি করে রৌপ্যপদক জিতে মোট আটটি করে পদক অর্জন করে। সমান সাফল্যের কারণে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এ বিভাগে চারটি তাম্রপদক নিয়ে রানার্স আপ হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
মহিলা সিনিয়র বিভাগে ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যপদকসহ মোট ৬টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
অন্যদিকে বিজিবি দুটি স্বর্ণ ও একটি তাম্রপদকসহ মোট তিনটি পদক নিয়ে রানার্স আপ হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শায়রুল কবির খানসহ ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, খেলাধুলার মাধ্যমে সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়ানোর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার সুযোগ তৈরি করা হচ্ছে।
তায়কোয়ানডোসহ বিভিন্ন খেলায় বিজিবি সদস্যদের ধারাবাহিক সাফল্য বাহিনীর ক্রীড়া কার্যক্রমের সক্ষমতা ও উৎকর্ষের প্রতিফলন বলেও জানানো হয়েছে।