বাইকে ‘নিথর’ তরুণী, উত্তরার বার থেকে মিরপুর—ভাইরাল ছবির পেছনে যা ঘটেছিল

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে এক তরুণীকে অচেতন অবস্থায় নিয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর

2026-08-28T21:01:02+00:00
2026-08-28T21:01:02+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
রাজধানী
বাইকে ‘নিথর’ তরুণী, উত্তরার বার থেকে মিরপুর—ভাইরাল ছবির পেছনে যা ঘটেছিল
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:০১ পিএম 
মধ্যরাতে মোটরসাইকেলে তরুণীকে নিয়ে যাওয়ার দৃশ্য। ছবি: সংগৃহীত
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে এক তরুণীকে অচেতন অবস্থায় নিয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তরুণীটি জীবিত আছেন কি না, তা নিয়েও তৈরি হয় নানা শঙ্কা।

তবে অনুসন্ধানে জানা গেছে, ওই ২৬ বছর বয়সী তরুণী বর্তমানে সুস্থ আছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে তার সঙ্গে কথা হলে তিনি নিজেই সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘটনার বিস্তারিত জানাতে তিনি দুদিন পর দেখা করার কথা বলে ফোন কেটে দেন।

তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে পারিবারিক বিরোধের জেরে রাগ করে তিনি টঙ্গীর বাসা থেকে বেরিয়ে যান। এরপর তিনি উত্তরার একটি বারে গিয়ে মদ্যপান করেন বলে দাবি করেছেন তার বড় বোনের স্বামী। পরে অসুস্থ হয়ে পড়লে দুই যুবক তাকে মোটরসাইকেলে করে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

মধ্যরাতে ভাইরাল হয় মোটরসাইকেলের ছবি

বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে তিন আরোহীসহ একটি মোটরসাইকেল চলতে দেখা যায়।

ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি মোটরসাইকেলটিকে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত অনুসরণ করেন। তার নজরে আসে, চালকের পেছনে বসা এক যুবক এক তরুণীকে শক্ত করে ধরে রেখেছেন। তরুণীর পা দুটি খালি এবং অস্বাভাবিকভাবে নিচের দিকে ঝুলছিল।

দৃশ্যটি দেখে তরুণীটি জীবিত নাকি অচেতন—তা নিয়ে সন্দেহ তৈরি হয় ওই প্রত্যক্ষদর্শীর। পরে তিনি ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

টঙ্গী নয়, তরুণীকে নেওয়া হয় মিরপুরে

তরুণীর বড় বোনের ভাষ্য অনুযায়ী, উত্তরার একটি বারে অসুস্থ হয়ে পড়ার পর আলম ও তার এক বন্ধু তাকে টঙ্গীর বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তরুণীর শারীরিক অবস্থার কারণে তারা টঙ্গীতে না গিয়ে মিরপুরের দিকে চলে যান।

পরে মিরপুরে এক বান্ধবীর বাসায় তরুণীকে রেখে তার বড় বোনকে ফোন করা হয়।

তরুণীর দুলাভাই বলেন, ‘মিতু (ছদ্মনাম) কখনো ড্রিংকস করেনি। সেদিন আমরা স্বামী-স্ত্রী ঝগড়া করছিলাম। এটা দেখে ও রাগ করে চলে যায়। তারপর হয়তো উত্তরার বারে গিয়ে ড্রিংকস করে। এরপর অসুস্থ হয়ে পড়লে ছেলেগুলো তাকে বাসায় দিয়ে যাওয়ার চেষ্টা করে।’

আলম ওই তরুণীর স্বামী কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে করবে বলে শুনেছি।’

আলমের পরিচয় নিয়েও মিলেছে তথ্য

মোটরসাইকেলটির চালকের আসনে থাকা যুবকের নামের শেষাংশ ‘আলম’ বলে জানা গেছে। তার বাড়ি রাজেন্দ্রপুর এবং তিনি বিবাহিত বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তরুণীর বড় বোন বলেন, ‘আলম এখন পারিবারিকভাবে ঝামেলায় আছে। ওর সংসার আছে, মেয়ে আছে। আমার বোনকে পৌঁছে দিতে গিয়ে সে বিপদে পড়েছে।’

তবে আলম ও তার সঙ্গে থাকা অপর যুবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মোটরসাইকেলের মালিকানা নিয়েও প্রশ্ন

ঘটনার পর মোটরসাইকেলটির নম্বরপ্লেটের তথ্য যাচাই করে বিভিন্ন সূত্রের মাধ্যমে এর মালিকানা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। সূত্রগুলো জানায়, মোটরসাইকেলটির মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায়।

এ ঘটনায় দুটি মোবাইল নম্বরের তথ্যও পাওয়া যায়। এর একটি নম্বরের শেষ তিন সংখ্যা ১৫২। নম্বরটি একটি শোরুম মালিকের বলে জানা গেছে। তবে ওই ব্যক্তি দাবি করেছেন, মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি এবং কীভাবে তার নম্বর মোটরসাইকেলটির সঙ্গে যুক্ত হলো, সে বিষয়ে তিনি কিছু জানেন না। অন্য নম্বরটি দীর্ঘ সময় ধরে বন্ধ পাওয়া গেছে।

তরুণীর আগের বিয়েও ঘিরে নানা দাবি

পরিবারের তথ্য অনুযায়ী, ওই তরুণীর এর আগে দুটি বিয়ে হয়েছিল। তার সাবেক এক স্বামীও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাবেক ওই স্বামীর দাবি, তরুণী তার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন। পাশাপাশি একাধিক যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং ‘হানিট্র্যাপ’-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

তবে এসব অভিযোগ কেবল সাবেক স্বামীর বক্তব্যের ভিত্তিতে পাওয়া গেছে এবং এর পক্ষে স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এখন সুস্থ আছেন তরুণী

ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্র করে নানা গুজব ছড়ালেও শুক্রবার বিকেলে তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে সুস্থ আছেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বেশি সময় কথা বলতে রাজি হননি। দুদিন পর দেখা করে বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দেন।

এদিকে পরিবারের বক্তব্য, পারিবারিক বিরোধের পর রাগ করে বাসা থেকে বের হওয়া, এরপর উত্তরার বারে যাওয়া এবং অসুস্থ হয়ে পড়ার পর দুই যুবকের মাধ্যমে মিরপুরে পৌঁছানো—এই ধারাবাহিক ঘটনাই শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রহস্যময় ছবিটির পেছনে রয়েছে।

তবে তরুণীকে কেন ওই অবস্থায় মোটরসাইকেলে করে নেওয়া হচ্ছিল, দুই যুবকের সঙ্গে তার সম্পর্ক কী এবং ওই রাতে ঠিক কী ঘটেছিল—এসব প্রশ্নের পূর্ণ উত্তর পেতে সংশ্লিষ্টদের বক্তব্য ও আরও তথ্য যাচাই প্রয়োজন।

প্রতিবেদনটি কালবেলার সহযোগিতায়


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: