চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ার জনপ্রিয় পপ তারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তাঁর বিশেষ কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। অনুষ্ঠানটির আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ।
২০২২ সালে ঢাকায় প্রথমবার পারফর্ম করেছিলেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তাঁর জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার খবর নিজেই নিশ্চিত করেছেন ওটিলিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের ফটোকার্ড শেয়ার করার পর থেকেই বাংলাদেশি ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রিয় শিল্পীকে আবারও সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিওনেরা’ গানটি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। ইউরোপের গণ্ডি পেরিয়ে গানটি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে।
আয়োজক ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা তাদের রয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি অরিজিৎ সিং, নেহা কক্করসহ বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে একাধিক আলোচিত আয়োজন করেছে। এবারও আন্তর্জাতিক মানের একটি কনসার্ট উপহার দেওয়ার লক্ষ্য তাদের।
তবে কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য ও টিকিট বিক্রির সময়সূচি এখনো জানানো হয়নি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, শিগগিরই এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
চার বছর পর ওটিলিয়ার ঢাকায় ফেরার খবরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এখন অপেক্ষা শুধু কনসার্টের মঞ্চ, টিকিট ও অন্যান্য বিস্তারিত ঘোষণার।