বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম, ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান রাজধানীর ধানমণ্ডি থানায় এ জিডি করেন। শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
জিডিতে বলা হয়েছে, রুহুল কবীর রিজভী ব্যক্তিগতভাবে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নামে পরিচালিত কোনো অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্য, মন্তব্য, ছবি বা ভিডিও তার অনুমোদিত নয়।
সম্প্রতি তার নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি, প্রোফাইল ও পেজ পরিচালনার বিষয়টি নজরে আসে। এসব অ্যাকাউন্টের একটি আবার ব্লু ভেরিফায়েড থাকায় সেটিকে রিজভীর প্রকৃত ফেসবুক অ্যাকাউন্ট মনে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি, ভিডিও ও সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জিডিতে আরও বলা হয়, রিজভীর নামে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজ নিয়ে এর আগেও পল্টন থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়েছিল। ভবিষ্যতে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার, প্রতারণা, মানহানিকর বক্তব্য, রাজনৈতিক উসকানি কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পুলিশের কাছে এসব অ্যাকাউন্টের বিষয়ে তদন্ত, পোস্ট ও ডিজিটাল প্রমাণ সংরক্ষণ এবং অ্যাকাউন্টগুলোর প্রকৃত পরিচালনাকারীদের শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে যোগাযোগ করে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বন্ধের ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তদন্তে অপরাধের প্রমাণ মিললে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫সহ প্রচলিত আইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জিডিতে ভবিষ্যতে রুহুল কবীর রিজভীর নাম ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে দ্রুত আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।