সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আকস্মিক ঝড়-বৃষ্টির মধ্যে বিখ্যাত ক্লক টাওয়ারে শক্তিশালী বজ্রপাতের ঘটনা ঘটেছে। রাতের আকাশ চিরে টাওয়ারের চূড়ায় বজ্রপাতের সেই দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মক্কার পবিত্র কাবা শরিফের পাশেই অবস্থিত আবরাজ আল-বাইত বা ক্লক টাওয়ার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অন্ধকার আকাশে হঠাৎ তীব্র আলোর ঝলকানি দেখা দেয় এবং বজ্রপাতটি টাওয়ারের চূড়ায় আঘাত করে। মুহূর্তেই চারপাশ আলোকিত হয়ে ওঠে।
সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে মক্কা ও আশপাশের এলাকায় তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রঝড় শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে কাবা শরিফের মাতাফ এলাকায় অবস্থানরত ওমরাহযাত্রীরাও ঝোড়ো বাতাসের মুখে পড়েন।
এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে মক্কা অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরাসরি ক্লাস বন্ধ করে অনলাইনে পাঠদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনও এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে বজ্রপাতের ঘটনায় ক্লক টাওয়ারের বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবনটির চূড়ায় বজ্রপাত নিরোধক ব্যবস্থা বা লাইটনিং রড থাকায় বজ্রপাতের আঘাত থেকে স্থাপনাটি সুরক্ষিত রয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি ও এএফপি।