
হবিগঞ্জের লাখাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চাচার হাতে ভাতিজা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের নাসির উদ্দীন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিনের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে নাসির উদ্দীন ও গিয়াসউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে তিনজন আহত হন। আহতরা হলেন—নাসির উদ্দীন (৫৫), তাঁর ছেলে কামরুল হাসান (৩০) ও নাজমুল হাসান (২০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে গুরুতর আহত নাজমুল হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসানের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নাজমুল হাসানের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।