‘খাটুনির মজুরি’ বলে ৫০ হাজার রাখার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে পারিবারিক জমি বিরোধ মীমাংসার জন্য অনুষ্ঠিত সালিসে নির্ধারিত ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ভুক্তভোগীর

2026-08-27T17:45:27+00:00
2026-08-27T17:45:27+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সালিসে ১ লাখ ৫০ হাজার টাকা
‘খাটুনির মজুরি’ বলে ৫০ হাজার রাখার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে পারিবারিক জমি বিরোধ মীমাংসার জন্য অনুষ্ঠিত সালিসে নির্ধারিত ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ভুক্তভোগীর হাতে ১ লাখ টাকা দিয়ে বাকি ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে। এ ঘটনায় অভিযোগকারী নুর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম দাবি করেছেন, দুই দিন ধরে সালিসের পর তাঁদের পারিবারিক জমি বিরোধের মীমাংসা হয়। জমির অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে তাঁর স্বামীকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও পুরো টাকা তাঁদের বুঝিয়ে দেওয়া হয়নি।

তাহমিনা বেগমের অভিযোগ, গত ১৭ ও ১৮ আগস্ট বৈকুণ্ঠপুর গ্রামে তাঁদের বাড়ির সামনে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে জমি নিয়ে সালিস অনুষ্ঠিত হয়। পরে সালিসে বিরোধের মীমাংসা করে নুর ইসলামকে জমির অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

অভিযোগকারীর দাবি, ১৯ আগস্ট বুধবার ওই টাকা আধাইপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে দেওয়া হয়। পরদিন রাতে চেয়ারম্যান তাঁদের ডেকে নিয়ে তাঁর হাতে ১ লাখ টাকা তুলে দেন। বাকি ৫০ হাজার টাকা তিনি নিজের কাছে রেখে দেন বলে অভিযোগ করেন তাহমিনা।

তাহমিনা বেগম বলেন, চেয়ারম্যান আমার হাতে ১ লাখ টাকা দিয়েছেন। আর ৫০ হাজার টাকা তিনি রেখে দিয়েছেন। চেয়ারম্যান বলেছেন, ‘আমরা খেটেছি, আমরা খাব না?’

তবে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, সালিসের খরচ বাবদ অপর পক্ষের প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হয়েছিল। পাশাপাশি বকশিশ দেওয়ার কথাও ছিল। স্থানীয় কয়েকজনের দাবি, নুরে আলম বাবুর পক্ষে মুমিন নামে এক ব্যক্তি চেয়ারম্যানের কাছে টাকা পৌঁছে দেন।

সালিসে বিচারের আগে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মাহাতাব আলী প্রামাণিকের বিরুদ্ধেও। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

মাহাতাব আলী প্রামাণিক বলেন, তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। টাকা-পয়সার বিষয়ে তাঁর সঙ্গে কোনো কথা হয়নি এবং টাকা লেনদেনের সময়ও তিনি উপস্থিত ছিলেন না।

স্থানীয় কয়েকজনের দাবি, চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে এর আগেও সালিসের নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছিল। কয়েক মাস আগে বৈকুণ্ঠপুর গ্রামের মিষ্টিআলার মোড় এলাকার একটি জমি নিয়ে সালিসে এক পক্ষের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগের কথাও জানান তাঁরা।

এ ছাড়া বাল্যবিবাহসহ বিভিন্ন পারিবারিক বিরোধ মীমাংসার ক্ষেত্রেও চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে বলে স্থানীয় কয়েকজন দাবি করেছেন। উত্তর আধাইপুর হিন্দুপাড়ায় প্রেমের সম্পর্ক ও গর্ভধারণের ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিসেও লক্ষাধিক টাকার লেনদেনের অভিযোগ রয়েছে বলে তাঁদের ভাষ্য।

তবে এসব অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি এখনো লিখিত কোনো অভিযোগ পাননি। তবে গ্রাম আদালতে বিচার করার পর ‘খাটুনির নামে’ মজুরি নেওয়ার কোনো বিধান নেই।

তিনি বলেন, এমন ঘটনা ঘটে থাকলে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি ৫০ হাজার টাকা নিজের কাছে রাখার অভিযোগও অস্বীকার করেন।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, সালিসে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হলে অভিযোগকারীর হাতে কেন দেওয়া হলো ১ লাখ টাকা? বাকি ৫০ হাজার টাকার প্রকৃত হিসাব কী, সেটি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: